ভায়াডাক্ট প্যাড সরে গিয়ে মতিঝিল অংশে বন্ধ মেট্রোরেল চলাচল
ভায়াডাক্টের প্যাড সরে যাওয়ার মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণেই বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে আচমকা বন্ধ হয়ে যায় রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল।
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ফার্মগেট স্টেশনের কাছে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের উপরে ভায়াডাক্টের প্যাডের নিচের ৪টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেছে।
মেট্রোরেল লাইনে চিহ্নিত হওয়া ত্রুটি সমাধানের কাজ চলছে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, ভায়াডাক্ট প্যাড সরে যাওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। বিকাল চারটার কাছাকাছি সময়ে যোগাযোগ স্বাভাবিক করা যাবে বলে আশা করছেন তারা।
তবে ত্রুটিপূর্ণ অংশকে স্প্রিং না বলে বিয়ারিং প্যাড উল্লেখ করে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, বিয়ারিং প্যাডের কাজটা হচ্ছে যখন গাড়ি এটির উপর দিয়ে যায়, তখন কিছুটা সংকুচিত হয়ে গাড়ি চলে যাওয়ার পর সেটি আগের জায়গায় ফিরে আসবে। যেহেতু ছবিতে দেখা যাচ্ছে ভায়াডাক্ট আগের জায়গায় ফিরে আসেনি, সেহেতু বিয়ারিং প্যাডের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে নয়তো বিয়ারিং প্যাড এখান থেকে পড়ে গেছে।
তিনি বলেন, ভায়াডাক্টের সঙ্গে এই জায়গাটা হচ্ছে একটা জয়েন্ট। এখান থেকে যদি বিয়ারিং প্যাড রিলিজ হয়ে যায়, তাহলে পিলার কিন্তু ভেঙে যাবে। ভাই ভায়াযাক্টকে ফ্লেক্সিবল রাখার জন্যই এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। এই দুইটার একটি ঘটনা না ঘটলে এমনভাবে ভায়াডাক্ট বসে যাওয়ার কথা না।
এত অল্প সময়ের মধ্যে বিয়ারিং প্যাড নষ্ট হয়ে যাওয়াটা অস্বাভাবিক মনে হয়েছে মন্তব্য করে এই বিশেষজ্ঞ বলেন, এই বিয়ারিং প্যাড শুধু গাড়ির লোড না, ভূমিকম্পের সময়ও কাজ করে। এই বিয়ারিং প্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি বিয়ারিং প্যাড লার্জ স্কেলে পরীক্ষা নিরীক্ষা করেই এখানে বসানো হয়েছে। তারপরও এমন ঘটনা কেন ঘটলো সে বিষয়ে অনুসন্ধান করা দরকার।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে এই অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভেরিফায়েড ফেসবুক পেজে জানায় মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।





